১৮ কার্গো এলএনজি দেবে টোটাল এনার্জিস

অক্টোবর থেকে জুন পর্যন্ত সময়ে দেশে জ¦ালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে সরকার। ফ্রান্সের বহুজাতিক জ¦ালানি ও পেট্রোলিয়াম কোম্পানি টোটাল এনার্জিস বাংলাদেশকে ওই জ¦ালানি সরবরাহ করবে। গতকাল বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ ক্রয় অনুমোদন দিয়েছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে সৃষ্ট অস্থিতিশী ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে বিদ্যমান জ¦ালানি সংকটে সরবরাহ ঠিক রাখতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

সরাসরি ক্রয় পদ্ধতিতে অক্টোবর থেকে জুন পর্যন্ত প্রতিমাসে ২ কার্গো করে এ এলএনজি কেনা হবে। টোটাল এনার্জিসকে প্রতি একক ইউনিট এলএনজির দর আন্তর্জাতিক জ¦ালানি বাজারের মূল্যের সঙ্গে দশমিক শূন্য ছয় মার্কিন ডলার যোগ করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনে উভয়পক্ষের সম্মতিতে ১৮ কার্গোর বেশি পরিমাণেও এলএনজি কেনা হতে পারে।

সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।

সভায় ডিজেল, জেড ফুয়েল বা উড়োজাহাজের জ¦ালানি ও ফার্নেস অয়েল কেনার পাঁচটি প্রস্তাবের ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। এসব প্রস্তাবে সুপারিশ করা দরদাতাদের সঙ্গে প্রস্তাবিত মূল্য ও ভিত্তিমূল্য যাচাই করে তা পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।