ভোলার মনপুরায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মো. শান্ত (২৫) নামে এক যুবককে নদীর পাড় থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারসংলগ্ন পূর্ব নদীর পাড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাতে কয়েকজন নৌকা নিয়ে নদীর পাড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা পাড়ের দিক থেকে গোঙানির মতো শব্দ শুনতে পান। পরে নৌকা থেকে আলো ফেললে নদীর পাড়ে একজনকে পড়ে থাকতে দেখেন তারা। কাছে গিয়ে দেখা যায়, তার হাত-পা ও মুখ বাঁধা। দুই হাত একটি খুঁটির সঙ্গেও বাঁধা ছিল।
পরে স্থানীয়দের সহায়তায় শান্তকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া শান্ত উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. শাহাবুদ্দিনের ছেলে।
উদ্ধারকারী মো. লিটন মাঝি বলেন, নদীর পাড় দিয়ে যাওয়ার সময় তারা গোঙানির মতো শব্দ শুনতে পান। পরে আলো ফেললে একজনকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তার হাত-পা ও মুখ বাঁধা এবং দুই হাত একটি খুঁটির সঙ্গে বাঁধা দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন। সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত কী ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যাবে না।
শান্তকে কারা, কীভাবে নদীর পাড়ে নিয়ে গিয়ে বেঁধে রেখেছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তিনি সুস্থ হয়ে ফিরে আসার পর ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।