নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে পিসব

সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার অনুমোদিত বেসরকারি সেবা সংস্থা পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব)। সংস্থার উদ্যোগে একটি প্রতিনিধি দল নেপালে ১০ দিন অবস্থান করে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে।

সফরকালে নেপালের রাসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হয়।

পিসবের উদ্যোগে শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল-তোষক ও বালিশ, কম্বল ও বেড সেট, মশারি, পাতিল ও রান্নার সামগ্রী সেট, ইলেকট্রিক চুলা এবং নগদ আর্থিক সহায়তা। দুর্যোগে ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারানো পরিবারগুলোর দৈনন্দিন জীবন কিছুটা স্বাভাবিক করতে এসব সহায়তা প্রদান করা হয়।

শুধু পরিবার পর্যায়ে নয়, স্থানীয় দ্বীনি প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনের দিকেও গুরুত্ব দিয়েছে পিসব। তিনটি মসজিদে মাইক (সাউন্ড সিস্টেম) বিতরণ করা হয়েছে। পাশাপাশি একটি এতিমখানায় ফ্যান, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

পিসবের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তার পাশাপাশি স্থানীয় মুসলিম সমাজের শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর জরুরি প্রয়োজন পূরণেও ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

পিসবের এই উদ্যোগে সাড়া দিয়ে বাংলাদেশের আরও কয়েকটি সেবা সংস্থা ও মানবিক সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আল মুমিন ফাউন্ডেশন, ইদ্দিখার ফাউন্ডেশন, সাবা সানাবিল ফাউন্ডেশনসহ বাংলাদেশের মানবতার বন্ধু ও আল্লাহপ্রিয় বান্দারা এই মানবিক খেদমতে অংশগ্রহণ করেন। তাদের সহযোগিতায় নেপালের দুর্গত মানুষের কাছে আরও বিস্তৃত পরিসরে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে পিসবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এই সফরের একটি উল্লেখযোগ্য দিক হলো-পিসবের প্রতিনিধি দলের প্রত্যেক সফরসঙ্গী নিজ নিজ ব্যক্তিগত খরচে সম্পূর্ণ সফর সম্পন্ন করেছেন। সফরের যাতায়াত, থাকা-খাওয়াসহ ব্যক্তিগত ব্যয় নিজেদের বহন করে তাঁরা মূলত মানবিক সহায়তার অর্থ সরাসরি দুর্গত মানুষের কল্যাণে ব্যবহারের চেষ্টা করেছেন।

নেপাল সফরে পিসবের প্রতিনিধি দলে ছিলেন-উপদেষ্টা মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, সহ-সভাপতি রাকিবুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন হাবিবী, সদস্য মুফতি আশিকুর রহমান এবং মাওলানা জুনায়েদ আহসান, মাওলানা মুনঈমসহ ১০ জনের টিম।

পিসব কর্তৃপক্ষ জানায়, দেশের সীমানা মানুষের কল্যাণের পথে বাধা হতে পারে না। বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অব্যাহত থাকবে। এই মানবিক কার্যক্রমে যারা অর্থ, সামগ্রী, দুআ, পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে ছিলেন-পিসবের পক্ষ থেকে তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে।