বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর অধীনে চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ অপারেশনাল পর্যায়ে প্রবেশ করেছে। ফলে বেপজার অধীন ৮টি ইপিজেড ও ২টি অর্থনৈতিক অঞ্চলসহ মোট চালু শিল্পাঞ্চলের সংখ্যা দাঁড়াল ১০টিতে।
বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড গত ৩ সেপ্টেম্বর ২০২৬ বেপজা থেকে প্রথম রপ্তানি অনুমতি পায়। এর ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর ২০২৬ প্রতিষ্ঠানটি ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের টোব্যাকো মেশিনারি ইন্দোনেশিয়ায় রপ্তানি করেছে। এর মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে রপ্তানি কার্যক্রমের সূচনা হলো।
সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মালিকানাধীন প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি ৩ ফেব্রুয়ারি ২০২৫ বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করে। বর্তমানে এ প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের পরিমাণ ৩ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং এখানে ২৯ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কর্মরত রয়েছেন।
বর্তমানে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এ শিল্প প্লট বরাদ্দ পাওয়া ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করল। এছাড়া আরও ৩টি প্রতিষ্ঠান অতি শিগগির উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করবে এবং বাকি ১৪টি প্রতিষ্ঠান বর্তমানে নির্মাণাধীন রয়েছে।
ইন্দোনেশিয়ায় প্রথম রপ্তানির মাধ্যমে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। এ বিষয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর নির্বাহী পরিচালক মো. ওয়াহেদুজ্জামান বলেন, “বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। এ প্রেক্ষাপটে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানি শুরু হওয়া বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং রপ্তানি গন্তব্য বহুমুখীকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, চট্টগ্রামের মীরসরাইয়ে ১ হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জমির ওপর বেপজা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার সুবিধার্থে বৃহৎ এই শিল্পাঞ্চলকে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ নামে দুটি পৃথক জোনে বিভক্ত করা হয়। ইতিমধ্যে এ দুটি জোনকে পৃথক অর্থনৈতিক অঞ্চল হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সরকার।