আনোয়ারায় ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৮ হাজার ইয়াবাসহ নুরুল আলম ওরফে মুজাহিদ (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

‎এর আগে ওই দিন দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার বাসিন্দা আবদুর রহমানের ছেলে। 

 ‎র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল আলম ওরফে মুজাহিদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, র‌্যাব-৭ বুধবার সন্ধ্যায় আটক ব্যক্তিকে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে গ্রেপ্তার দেখিয়ে তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।