ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মোলায়েম মন্ডল (৫২) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোলায়েম মন্ডল ওই গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে পাশের আব্দালপুর গ্রাম থেকে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মোলায়েম মন্ডল। পথে হরিশংকরপুর গ্রামের একটি স্কুলের সামনে পৌঁছালে একই গ্রামের বোরহান উদ্দিন আগে থেকে ওৎ পেতে থেকে রাস্তায় বাঁশ ফেলে মোটরসাইকেলটির গতিরোধ করেন।
মোটরসাইকেল থামানোর পর বোরহান উদ্দিন, রাশিদুল ও মিস্টার নামে একই গ্রামের তিন ব্যক্তি মোলায়েম মন্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক মোলায়েম মন্ডলকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
মোলায়েম মন্ডল ভায়না ইউনিয়নের একজন নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পূর্বের কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।