ইনভেস্ট বাংলাদেশের সদস্য হলেন মুনতাসীর হোসেন

ইনভেস্ট বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের প্রথম সদস্য হিসেবে মোহাম্মদ মুনতাসীর হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশের সদস্য পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

একইদিন সংবাদ বিজ্ঞপ্তিতে ইনভেস্ট বাংলাদেশ জানায়, মোহাম্মদ মুনতাসীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। পরে ইনসিয়াড ও লন্ডন বিজনেস স্কুলে এক্সিকিউটিভ এডুকেশন সম্পন্ন করেন। ডিজিটাল পণ্য ও বাণিজ্যিক কার্যক্রমে তার দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও তিনি কাজ করেছেন।

এতে আরও বলা হয়, গ্রামীণফোন ও টেলিনর গ্রুপে পণ্য, উদ্ভাবন, নতুন ব্যবসা, বাণিজ্যিক উন্নয়ন ও সামাজিক প্রভাববিষয়ক বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন মুনতাসীর হোসেন। এসব দায়িত্বে তিনি একাধিক ডিজিটাল পণ্য ও ব্যবসা গড়ে তোলার পাশাপাশি সেগুলো বড় পরিসরে সম্প্রসারণে নেতৃত্ব দেন। পরে তিনি উদ্যোক্তা হিসেবে আন্তর্জাতিক বাজারে একাধিক প্রযুক্তি ব্যবসা গড়ে তোলেন এবং সেগুলোর নেতৃত্ব দেন। ইনভেস্ট বাংলাদেশে তার দায়িত্ব হবে বিনিয়োগকারীদের সহজ ও নির্বিঘ্নে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিজিটাল ব্যবস্থার আধুনিকায়ন ও সমন্বয়ে নেতৃত্ব দেওয়া।

বিষয়টি নিয়ে মোহাম্মদ মুনতাসীর হোসেন বলেন, আমাদের লক্ষ্য খুব স্পষ্ট-বাংলাদেশে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা। এখন পর্যন্ত যে শক্ত ভিত্তি তৈরি হয়েছে, তার ওপর দাঁড়িয়ে প্রযুক্তির মাধ্যমে সেবাগুলোকে আরও নিবিড়ভাবে যুক্ত করব। এতে বিনিয়োগকারীরা এক জায়গা থেকে প্রয়োজনীয় তথ্য পাবেন, সেবা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং কাজের অগ্রগতি জানতে পারবেন। এই সহজ ও সমন্বিত সেবাব্যবস্থা গড়ে তোলাই এখন আমাদের প্রথম অগ্রাধিকার।

এর আগে গত ২০ আগস্ট বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ একীভূত হওয়ার মধ্য দিয়ে ইনভেস্ট বাংলাদেশ দেশের প্রধান বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে যাত্রা শুরু করে। বিনিয়োগ উন্নয়ন ও সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনা ইনভেস্ট বাংলাদেশের মূল দায়িত্ব। বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, ব্যবসার বিকাশে সহায়তা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখাই সংস্থাটির লক্ষ্য।