বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিএইউএসটির শিক্ষার্থীদের নবীনবরণ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ।

সেমিনার, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের হাত দিয়ে ক্যাম্পাসে ৫৫টি গাছ লাগিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের এর আয়োজনে সেমিনার, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে নবীন বরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ্ আলম।

সেমিনারে মূল বক্তা ছিলেন ব্র্যাক ঢাকার ইন্টারনাল অডিট বিভাগের ম্যানেজার সারমিন আক্তার মিতু, এসিএ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. শামীম রেজা, পিএইচডি (অবঃ), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, বিজিওএম, পিএসসি (অবঃ), ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ আলম এবং এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম প্রমুখ।

 

সেমিনার শেষে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ আলম জানান, নবীন শিক্ষার্থীদের শুধু আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়াই নয় বরং তাদের মধ্যে পেশাগত দক্ষতা, ক্যারিয়ার সচেতনতা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।