ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী      

ভারতে দুই বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ৪৭ জন বাংলাদেশী নারী পুরুষ। তাদের মধ্যে চারজন নারী ও ৪৩ জন পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ভারতীয় বিএসএফ সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, আড়াই বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে তারা ভারতের তামিলনাড়ু রাজ্যে যায়। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় তারা সে দেশের পুলিশের হাতে আটক হয়। 

সাজার মেয়াদে শেষে তাদের তামিলনাড়ুর সালেমের আত্তর ও ত্রিচি ক্যাম্প নামে একটি বেসরকারি সেল্টার হোমে আশ্রয় দেওয়া হয়। পরে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত  সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ রাত ৮ টায় তারা দেশে ফিরে এসেছে। তাদের  সকলের বাড়ী নড়াইল, গোপালগঞ্জ, সাতক্ষীরা, জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। তাদের পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য থানা থেকে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নামে তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহন করে।