দীপাবলিতে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ এএম

দীপাবলি (কালীপূজা) উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পণ্য লোড-আনলোড ও খালাস কার্যক্রম চালু রয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াতও স্বাভাবিক রয়েছে।

এ বিষয় নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।

তিনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে। এ জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ বিষয়ে আগেই চিঠির মাধ্যমে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের জানানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত