মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষধর মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুলের পাশে জাপানি বাড়ি মুজাহিদ মঞ্জিলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২ নম্বর পানিশালা এলাকার জাপানপ্রবাসী মুজাহিদ আলীর বাড়ির সিঁড়ির নিচে পরিবারের সদস্যরা বেশ কয়েকটি সাপ দেখতে পান। একসঙ্গে একাধিক সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। পরে তারা সিঁড়ির নিচে থাকা সাপগুলো শনাক্ত করে দেখতে পান, এগুলো অত্যন্ত বিষধর মনোক্লেড কোবরা প্রজাতির সাপ।
পরে সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে সিঁড়ির নিচ থেকে একে একে মোট পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপগুলো পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা সাপগুলো বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে এগুলো অবমুক্ত করা হবে।
স্থানীয়রা জানান, বসতঘরের সিঁড়ির নিচে একসঙ্গে পাঁচটি বিষধর সাপের বাচ্চা পাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত সাপগুলো উদ্ধার করায় পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।