রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ২৯ অক্টোবর ভোট

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আখতার আহমেদ জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২৯ অক্টোবর। উপনির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তাকে, তার সঙ্গে তিনজন সহকারী রিটার্নিং অফিসার থাকবেন।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এ প্রার্থী পরের দিন শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আসনটি শূন্য ঘোষণার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনেও এ আসনে লড়েছিলেন। উপনির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন, বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছেন।