ফের খুলল কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পাঁচ দিনের ব্যবধানে বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে স্পিলওয়ের প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল।

কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, লেকের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং রাঙামাটির বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি ও ভাঙনের আশঙ্কা দেখা দেওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো আবার বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে ১০৬ দশমিক ০১ ফুট এমএসএল-এ পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। সে সময় প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।

পরে লেকের পানির উচ্চতা বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে জলকপাট খোলার পরিমাণ বাড়ানো হয়। একপর্যায়ে প্রতিটি গেট ৩ ফুট পর্যন্ত খোলা হয়। তখন প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।

লেকের পানির উচ্চতা কমে আসায় গত ৬ সেপ্টেম্বর স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে আবার লেকের পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার সকাল থেকে জলকপাটগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, "বর্তমানে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।"

কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তাই পানির উচ্চতা নিয়ন্ত্রণে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।