ফুচকা খাওয়া নিয়ে সংঘর্ষ

ফরিদপুরের বোয়ালমারীতে ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন গুরুতর হওয়ায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

বোয়ালমারী উপজেলা পার্কের সামনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন পৌরসভার দক্ষিণ কামার গ্রামের হৃত্বিক শেখ (২১) ও একই এলাকার কাকন (২০)। হৃত্বিকের পেটে ছুরিকাঘাত এবং কাকনের মাথায় আঘাত লেগেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে উপজেলা পার্কের সামনে একটি চটপটির দোকানে দুই পক্ষের লোকজন ফুচকা খাচ্ছিলেন। এ সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি ও পরে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হৃত্বিক ও কাকনসহ অন্তত ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত হৃত্বিক ও কাকন সেখানে ভর্তি পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

এবিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।