ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, ২ মাদক কারবারি আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

যশোরের অভয়নগরে মাদক কারবারিদের ছুরিকাঘাতে জীবন তালুকদার নামে ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন। এঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।

আহত জীবন তালুকদার (২২) ওই উপজেলার বুইকারা গ্রামের গরুহাটা এলাকার মিন্টু তালুকদারের ছেলে। তিনি নওয়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

আটকরা হলেন অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন রেলবস্তির মাদক কারবারি জাকির হোসেন (৩৫) ও একই রেলবস্তির রবিউল গাজী।

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা জীবন তালুকদার জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় মাদক বিক্রিতে বাধা দিলে মাদক কারবারি ফুলজান বিবি, বাহাদুর, ফারুক, মজিদ, জাকির, রবিউলসহ অজ্ঞাতনামা কয়েকজন তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে মজিদ তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসির উদ্দিন বলেন, আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হানপাতালে পাঠানো হয়েছে।

ওসি মো. নুরুজ্জামান বলেন, ছাত্রদল নেতা জীবনের ওপর হামলা ও ছুরিকাঘাতের সঙ্গে জড়িত সন্দেহে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।  

সর্বশেষ সর্বাধিক পঠিত