ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর নামক এলাকায় যাত্রীবাহী পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত ও একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত, দুই সন্তানের জনক আরাফাত রহমান বাবু (৩২) আশোকাঠী গ্রামের বাসিন্দা, বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত পুত্র। গুরুতর আহত আসাদুল ইসলাম (৩১)-ও আশোকাঠী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী তাজবী পরিবহন দুর্ঘটনাস্থলের স্পিড ব্রেকার অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলটি সজোরে পরিবহনের সাথে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা আরাফাত রহমান বাবুকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর অবস্থায় অপর আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন দেশ রূপান্তরকে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।