আজ ১১ সেপ্টেম্বর ওটিটি’তে মুক্তি পাচ্ছে নিখিল আডবাণী পরিচালিত ঐতিহাসিক পিরিয়ড ড্রামা দ্য রেভলিউশনারিজ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধের ইতিহাসকে কেন্দ্র করেই তৈরি এই সিরিজ। পরিচিত স্বাধীনতা আন্দোলনের কাহিনির বাইরে গিয়ে বিপ্লবীদের লড়াই, তাদের আদর্শ, সাহস এবং আত্মত্যাগের এক অন্য অধ্যায় তুলে ধরতে চলেছে এই গল্প।
সিরিজে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাও হিন্দি সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। ফলে সিরিজ মুক্তির দিনেই নিজের সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের বেশ কিছু মুহূর্ত শেয়ার করে নিলেন অভিনেত্রী। তার শেয়ার করা ছবিতে ধরা পড়েছে সিরিজটির সেটের নেপথ্যের বেশ কিছু ফ্রেম। তবে শুধু পাওলির উপস্থিতিই নয়, ঐতিহাসিক এই সিরিজের কাস্টিংও ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।
সিরিজে রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। ব্রিটিশবিরোধী বিপ্লবী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ রাসবিহারী বসু ছিলেন গোপন সংগঠন ও বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার চরিত্রেই এবার একেবারে অন্য অবতারে দেখা যাচ্ছে ভুবনকে। শচীন্দ্রনাথ সান্যালের চরিত্রে রয়েছেন রোহিত সরফ। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম সান্যাল ছিলেন রাসবিহারী বসুর ঘনিষ্ঠ সহযোগী। তাঁর জীবন এবং বিপ্লবী কর্মকাণ্ডও এই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
অন্যদিকে প্রতিভা লাহিড়ীর চরিত্রে অভিনয় করেছেন প্রতিভা রান্তা। শচীন্দ্রনাথ সান্যালের স্ত্রী প্রতিভা লাহিড়ীও স্বাধীনতা আন্দোলনের গোপন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিহাসে তার সম্পর্কে তথ্য তুলনামূলকভাবে কম থাকায় চরিত্রটি পর্দায় নির্মাণের ক্ষেত্রে নির্মাতাদের কিছুটা সৃজনশীল স্বাধীনতাও ছিল।
আর বাংলার বিপ্লবী আন্দোলনের অন্যতম কিংবদন্তি বাঘা যতীন-এর ভূমিকায় রয়েছেন গুরফতেহ পিরজাদা। নির্ভীক বিপ্লবী হিসেবে পরিচিত বাঘা যতীন যুগান্তরের মতো গোপন বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এই চার বিপ্লবীকে ঘিরেই গড়ে উঠেছে সিরিজের মূল গল্প। তাঁদের পাশাপাশি সিরিজে রয়েছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজা-সহ আরও একাধিক অভিনেতা। জেসন শাহ অভিনয় করেছেন জেনারেল ডায়ার-এর চরিত্রে।