গাজীপুরে ব্রিফকেস ও বস্তায় মিলল নারীর দ্বিখন্ডিত মরদেহ

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের খালের পানিতে ভাসতে থাকা বস্তা থেকে অজ্ঞাত এক নারীর দ্বি-খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও মেম্বারবাড়ী বাজারের মধ্যবর্তী নির্জন স্থান থেকে এ দ্বি-খণ্ডিত মরদেহ উদ্ধার কর হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামজা এ্যাপারেলস লিমিটেডের পাশে একটি ব্রিজের নিচে সরু খালের পানিতে একটি লাগেজ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে। লাগেজ খুলে অজ্ঞাত এক নারীর মরদেহের একাংশ পাওয়া যায়। এসময় পুলিশ আশপাশে অভিযান চালিয়ে আরও একটি বস্তা ভাসতে দেখা দেখে। পরে বস্তাটি খুললে এর ভেতর থেকে নারীর মরদেহের বাকি অংশ পাওয়া যায়। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি খণ্ডিত করে পৃথকভাবে লাগেজ ও বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়েছিল।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা নারীর মরদেহের বিভিন্ন অংশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত করা হচ্ছে।