জেনিফার লরেন্সের অদ্ভুত সতর্কবার্তা

অস্কারজয়ী হলিউড তারকা জেনিফার লরেন্স। এতদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলেও, অবশেষে আজ ১১ সেপ্টেম্বর নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথম পোস্টটি শেয়ার করলেন ‘দ্য হাঙ্গার গেমস’ খ্যাত এই তারকা। আর প্রথম ভিডিও শেয়ার করেই ভক্তদের উদ্দেশ্যে জারি করলেন এক অদ্ভুত ও মজাদার ‘সতর্কবার্তা’! 

নিজের শেয়ার করা প্রথম ভিডিও ক্লিপটিতে জেনিফারকে রসিকতার সুরে বলতে শোনা যায়, ‘হ্যাঁ, তো শেষমেশ ট্রাই করেই দেখছি ইনস্টাগ্রাম! তবে শুনুন, যদি কেউ কোনও নেতিবাচক বা খারাপ মন্তব্য করেন, আমি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে যাব। কোনও দ্বিতীয় প্রশ্নও করা যাবে না। কেউ যদি সামান্যতম খারাপ কথা বলে, আমি বুঝে যাব এবং তখনই সোশ্যাল মিডিয়ায় ছাড়ব!’ 

শুধু পোস্টেই থেমে থাকেননি জেনিফার, ইনস্টাগ্রাম স্টোরিতেও ধরে রেখেছেন তার চেনা রসিক মেজাজ। ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘দয়া করে মাথায় রাখবেন, কোনো ধরনের নেতিবাচক মন্তব্য কিন্তু একটা ছোট বাচ্চার ওপর খারাপ প্রভাব ফেলতে পারে! আর সেই বাচ্চাটা কে জানেন? আমি! আমিই সেই বাচ্চা!’ 

সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই জেনিফারের উদ্দেশ্যে উপচে পড়েছে অনুরাগীদের ভালবাসা। অ্যাকাউন্ট খোলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে জেনিফারের ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে ৩.৭ মিলিয়ন (৩৭ লাখ)! এমনকি তার প্রোফাইল পিকচারটিতেও রয়েছে এক অনবদ্য টুইস্ট। গ্ল্যামারাস কোনো ছবির বদলে চুলে হেয়ার ফয়েল লাগানো, চোখে সন্দেহজনক দৃষ্টি আর হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে তোলা একটি ক্যাজুয়াল ছবিকে নিজের ডিপি বানিয়েছেন তিনি।