টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে তিনজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কুঠিবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে কাইয়ুম (১৯), কষ্টাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুস সালাম (৪০) ও আব্দুল আলিমের ছেলে জোবায়ের (২৫)।
জানা যায়, দীর্ঘদিন ধরে কাইয়ুম, সালাম ও জোবায়ের গাঁজা ও ইয়াবা সেবন করে আসছিলেন। শুক্রবার বিকেলে কুঠিবয়রা থেকে গাঁজা সেবন করা অবস্থায় কাইয়ুমকে আটক করে পুলিশ। একই সময়ে কষ্টাপাড়া থেকে ইয়াবা সেবন করা অবস্থায় সালাম ও জোবায়েরকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভূঞাপুর থানার এসআই মেমরাজুল ইসলাম রুবেল বলেন, মাদক সেবন করা অবস্থায় তিনজনকে আটক করা হয়। তারা জনসম্মুখে মাদক সেবনের বিষয়টি স্বীকারও করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে শুক্রবার তিনজনের প্রত্যেককে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি জানান, আগস্ট মাসে ১৬ জন এবং সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।