ফর্টিজের কাছে হেরে ধাক্কা জামালদের

ফিফা আসিয়ান কাপের আগে প্রস্তুতিতে ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ক্লোজড-ডোর প্রতি ম্যাচে বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিজ এফসির কাছে ১-০ গোলে হেরেছে টমাস ডুলির দল।

আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে বর্তমানে অনুশীলনে ব্যস্ত জাতীয় দল। নতুন কোচ ডুলির অধীনে খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস বাড়ানো এবং বিভিন্ন পজিশনে সমন্ব^য় পরখ করাই ছিল এই প্রস্তুতি ম্যাচের মূল উদ্দেশ্য। তবে মাঠের পারফরম্যান্সে প্রত্যাশিত ছন্দ দেখাতে পারেনি জাতীয় দলের খেলোয়াড়রা। ফর্টিজের হয়ে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চুকুয়ে। তার গোলেই জাতীয় দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় ঘরোয়া লিগের দলটি।

এর আগে প্রস্তুতি ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচে ফর্টিজের বিপক্ষে হার দলের প্রস্তুতির ধারাবাহিকতায় কিছুটা প্রশ্নও তৈরি করেছে। আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।