আরচারিতে বাংলাদেশ সৌদির সমঝোতা

বাংলাদেশ ও সৌদি আরবের আরচারিকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের ফেডারেশন প্রধান। গতকাল শুক্রবার সৌদি আরবে এক সৌহার্দপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হন ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সৌদি আরচারি ফেডারেশনের সভাপতি তুর্কি আল-দারবি।

সাক্ষাতে দুই দেশের আরচারির বর্তমান অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এশিয়ায় আরচারিকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করতে দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা। আলোচনায় প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, কোচ ও জাজদের দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

দুই দেশের খেলোয়াড় ও কোচদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হলে আরচারির মান আরও বাড়বে বলে মত দেন সংশ্লিষ্টরা। খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে আধুনিক অবকাঠামো ও উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে বৈঠকে। সৌদি আরবে আরচারির অবকাঠামোগত অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।

এ ছাড়া দুই দেশের খেলোয়াড় ও কোচদের মধ্যে নিয়মিত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শুধু খেলাধুলার উন্নয়ন নয়, ক্রীড়া কূটনীতিও আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা।

খেলোয়াড় ও কোচদের অভিজ্ঞতা বিনিময়ের পথ সুগম করার মাধ্যমে দুই দেশের ক্রীড়া কূটনীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে দুই নেতা আশাবাদ ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ফলপ্রসূ আলোচনা এশিয়ার আরচ্যারী অঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।