ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

‎‎ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে। নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ার গাতি গ্রামের আবুল মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

‎‎প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকালে সিরাজুল নিজের বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। পথে শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎‎ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।