মতলবে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের বাসের ধাক্কায় সাদিয়া আক্তার নামে এক অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে মতলব-নারায়ণপুর সড়কে নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চার যাত্রী আহত হয়েছেন।

নিহত সাদিয়া আক্তার (২৩) উপজেলার গিলাতলী গাজী বাড়ির প্রবাসী ইসমাইল হোসেন গাজীর স্ত্রী।

আহতরা হলেন অটোরিকশা চালক মো. ফারুক (৪২), যাত্রী মো. জিলানী (৩২), হোসনে আরা (৪৫) ও পারভীন বেগম (৩৭)। তাদের সবার বাড়ি গিলাতলী গ্রামে এবং তারা পরস্পর আত্মীয়।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ফজরের নামাজের পর সাদিয়া আক্তারসহ চার যাত্রী অটোরিকশায় করে নাগদা গ্রামের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। নাগদা বড় বাড়ির সামনে অটোরিকশাটি থামানো অবস্থায় চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক নুরে আলম অটোযাত্রী সাদিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার পর জৈনপুর পরিবহনের বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত