জয়পুরহাটে আখক্ষেত থেকে মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকার একটি আখক্ষেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করে পালিয়েছে দূর্বৃত্তরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট তমেজুল তার শ্বশুর বাড়ী থেকে স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পাঁচবিবির আটুল গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন। এরপর থেকে আর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি। শনিবার সকালে বীরনগর এলাকার একটি আখক্ষেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এসময় তারা পুলিশে খবর দেয়। পরে নিহতের স্বজন ও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।