জামালপুরে বেশি দামে সার বিক্রি করায় জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির দায়ে বিএডিসি ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

জানা যায়, কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে বিএডিসির ডিলার এস এন ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ডিলার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি মনতাজুর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের ভোগান্তি কমাতে এবং কৃষকদের ন্যায্য অধিকার ভোগ করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।