চট্টগ্রাম

খাবারে রং-তেলাপোকা, ৩ রেস্তোরাঁকে জরিমানা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, বাসি-পচা খাবার সংরক্ষণ ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অপরাধে তিনটি রেস্তোরাঁকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানহাট এলাকায় পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।

অভিযান সূত্রে জানা যায়, দেওয়ানহাট মোড় এলাকার ‘গ্র্যান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ খাবারে অননুমোদিত ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ ব্যবহার এবং পচা-দুর্গন্ধযুক্ত বাসি মুরগির চাপ, খিচুড়িসহ বিভিন্ন খাদ্যদ্রব্য কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশ, খাবারে তেলাপোকার বিচরণ ও বাসি খাবার সংরক্ষণের দায়ে ‘আলিফ রেস্টুরেন্ট’কে ৫০ হাজার টাকা এবং একইভাবে অস্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণের অপরাধে ‘ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে দেওয়ানহাট এলাকার বেশ কিছু ফলের দোকানেও তদারকি কার্যক্রম চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের ভেজালমুক্ত ফল বিক্রি ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সতর্ক করে অধিদপ্তর।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ‘আমাদের নিয়মিত তদারকির অংশ হিসেবে দেওয়ানহাট মোড় এলাকায় বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালানো হয়েছে। তিনটি রেস্তোরাঁয় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান নিয়মিত চলবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত