চন্দনাইশে বৌদ্ধবিহারে অস্ত্রের মুখে ডাকাতি, নগদ টাকাসহ মালামাল লুট

চট্টগ্রামের চন্দনাইশে একটি বৌদ্ধবিহারে অস্ত্রের মুখে ভিক্ষুকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে মুখোশধারী ডাকাত দল।
 
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর এলাকার ‘বিজয়া রামবিহারে’ এ ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিহারের ভিক্ষু জ্ঞান রক্ষিত জানান, শনিবার ভোররাত চারটার দিকে ধর্মীয় কাজ সম্পন্ন করতে তিনি নিজ কক্ষের দরজা খোলেন। ওই সময় দা ও কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত একদল মুখোশধারী লোক হুট করে তার কক্ষে প্রবেশ করে। অস্ত্রধারীরা তাকে খাটে বসিয়ে রেখে চুপ থাকার হুমকি দেয় এবং কথা বললে প্রাণনাশের ভয় দেখায়। অস্ত্রধারীরা তাকে বলেন, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে।’
তিনি জানান, পরবর্তীতে ডাকাতেরা তার কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নেয়। আলমারিতে থাকা নগদ প্রায় ৩০ হাজার টাকা ও একটি সাউন্ড বক্সসহ বেশ কিছু মূল্যবান মালামাল লুটে নেয় তারা। লুট করে ফেরার সময় ভিক্ষুর কক্ষের দরজা বাইর থেকে আটকে দিয়ে পালিয়ে যায়। পরে পাশে থাকা অন্য কক্ষের দুই শ্রমণকে ডাকাডাকি করলে তারা এসে  দরজা খুলে দেয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় বিহার কর্তৃপক্ষ লিখিত অভিযোগ জানানোর কথা রয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।