সাতক্ষীরায় বাস চাপায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ গাজী (৬৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন আজিজ কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ গাজী সাতক্ষীরার সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনেরপোতা গুচ্ছগ্রাম বসুন্ধরার মৃত আব্দুল আজিজের ছেলে। জীবিকার তাগিদে তিনি পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দ্রুতগামী বাসের চাপায় একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে রাস্তার পাশে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনাকবলিত স্থানটি হাইওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত হওয়ায় বিষয়টি সদর থানা ও খর্ণিয়া হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। ফলে বাস বা এর চালক কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক যানবাহন শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, প্রতিদিনের মতো আজ সকালেও আব্দুল মজিদ গাজী বাইসাইকেল নিয়ে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে পাটকেলঘাটা আজিজ কমপ্লেক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তার বাইসাইকেলটিকে সজোরে চাপা দেয়। বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

মানবাধিকার কর্মী লুইস রানা গাইন বলেন, একজন নিঃস্ব ও মেহনতি মানুষের এভাবে সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সচেতন মহল মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ এবং অবিলম্বে ঘাতক বাস চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।