গুলশানে মিছিল: আ.লীগের আরও ৪০ কর্মী গ্রেপ্তার  

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনা থেকে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে রবিবার (১৩ সেপ্টেম্বর) পাঠানো বার্তায় বলা হয়, মিছিলে অংশগ্রহণকারী ৪০ জনকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শনিবার মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। এর ফলে গুলশানের ওই মিছিলের পরে সর্বমোট ৭২ জনকে গ্রেপ্তার করা হল। শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল হয়।

তবে বার্তায় তাদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

মিছিলের সময়ই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুইজনকে আটক করা হয়। এই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।

শনিবার পুলিশ জানিয়েছিল, ঘটনাস্থল থেকে দুইজনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ২৪ জনকে শনিবার আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন। বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।