মহাসড়কে ইউএনওর জিপের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানকে বহনকারী সরকারি জিপের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জিপ ও কাভার্ড ভ্যানের ব্যাপক ক্ষতি হলেও ইউএনও, চালক ও সঙ্গে থাকা আনসার সদস্যরা অক্ষত রয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, ইউএনও মাধবপুর থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) ইউএনওকে বহনকারী সরকারি জিপটিকে (হবিগঞ্জ-১৬-১০৬৮) সামনে থেকে ধাক্কা দেয়। এতে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়।

এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকারও (ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪) দুর্ঘটনার কবলে পড়ে এবং সেটিরও ব্যাপক ক্ষতি হয়।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।