পটুয়াখালীর দুমকি উপজেলায় জনতা কলের মাঠের পূর্ব গেটসংলগ্ন এলাকা থেকে একটি মেশিনগানের তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুরাতন ইটের স্তুপের নিচ থেকে গুলিটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে একটি পুরাতন ইটের স্তুপের নিচে এক রাউন্ড মেশিনগানের গুলি পাওয়া যায়, যা পরে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৃজনী বিদ্যানিকেতনের কয়েকজন শিক্ষার্থী মাঠে খেলাধুলার সময় বল আনতে গিয়ে ইটের স্তুপের কাছে পিতলের মতো একটি বস্তু দেখতে পায়। শিক্ষার্থীদের মধ্যে মো. জিহাদুল ইসলাম জিদান ও আরমান রহমান আশিক (সুমন ফকির নামে পরিচিত) বিষয়টি দেখে সন্দেহ হলে ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশ এসে গুলিটি উদ্ধার করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, গুলিটি কীভাবে সেখানে এল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ৫ আগস্টের সময় কোনোভাবে এটি সেখানে এসে থাকতে পারে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে গুলির উৎস উদঘাটনের দাবি জানিয়েছেন।