দুমকিতে অকেজো বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত যাত্রী ছাউনিটি দীর্ঘদিন ধরে অকেজো পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বর্ষা মৌসুমে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কিংবা আশপাশের দোকানে গাদাগাদি করে যানবাহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে দূর-দূরান্তের মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পরপরই ছাউনিটির একাংশে একটি ফার্মেসি ও অপর পাশে একটি চায়ের দোকান বসানো হয়। এসব দোকানের ভাড়া তৎকালীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক স্থানীয় রাজনৈতিক নেতার মাধ্যমে আদায় করা হতো। ফলে শুরু থেকেই সাধারণ যাত্রীরা ছাউনিটি ব্যবহার করতে পারেননি।

আরও জানা যায়, গণশৌচাগারের ব্যবস্থা না থাকায় ছাউনির টয়লেটটি অল্প সময়েই নষ্ট হয়ে পড়ে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে সেটি দ্রুতই ব্যবহারের অযোগ্য হয়ে যায়। বর্তমানে পুরো অবকাঠামোটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। 

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৩-২০১৪ অর্থবছরে নিজস্ব অর্থায়নে বাসস্ট্যান্ড যাত্রী ছাউনিটি নির্মাণ করা হয়। গণপরিবহন ও হালকা যানবাহন সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং যাত্রীসেবা নিশ্চিত করাই ছিল প্রকল্পটির লক্ষ্য। তবে নির্মাণের প্রায় এক দশক পেরিয়ে গেলেও এটি চালুর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

দ্রুত সংস্কার ও চালুর দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, সরকারি অর্থে নির্মিত এই স্থাপনার সুফল থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এতে যাত্রীসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন ব্যবস্থায়ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি তার জানা নেই খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, আগে এটি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে ছিল, গত ৫ আগস্টের পর তা বিএনপির দখলে গেছে।

স্থানীয় সুশীল সমাজের দাবি, যাত্রীসেবার গুরুত্বপূর্ণ এই অবকাঠামো দ্রুত দখলমুক্ত, সংস্কার ও সচল করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত