পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার 

দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়। 

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী সড়কের ওপর মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। একটি ব্যাগ থেকে ৫০ রাউন্ড এবং অপরটি থেকে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা অস্ত্র পাওয়া যায়নি।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
উদ্ধার করা গুলি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ জানান, উদ্ধার করা গুলির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা অস্ত্র পাওয়া যায়নি।