কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার থেকে ওই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রের কার্যালয় সূত্র জানায়, সকালের দিকে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ বিভ্রাটের আগে কেন্দ্রটি থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।
বিকেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, রক্ষণাবেক্ষণ কাজের জন্য রামপালের দুই নাম্বার ইউনিটটি বন্ধ করা হয়েছে। তবে ভারতের আদানি থেকে বিদ্যুৎ আসা শুরু হয়েছে।
ইউনিটটি কতদিন পর চালু করা যাবে জানতে চাইলে তিনি বলেন, ইউনিট বন্ধের পর কুলডাউন করতে হয়। ভারত থেকে দুজন প্রকৌশলী আসার কথা রয়েছে। তারা আসার পর কাজ শুরু হবে। পুনরায় চালু হতে তিন থেকে চার দিন সময় লেগে যাবে বলে ধারণা করছি।
রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের কার্যালয় থেকে জানা যায়, দুটি ইউনিট মিলিয়ে মোট উৎপাদন সক্ষমতা ১৩০০ মেগাওয়াট। কিন্তু দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে সর্বোচ্চ ১১০০ থেকে ১২০০ মেগাওয়ার্ট পর্যন্ত উৎপাদন হয়। একটি ইউনিট চালু থাকলে ৫৫০ থেকে ৬০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায়।