‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬’-এর টাইটেল স্পনসর শেয়ারট্রিপ

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ ‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার’-এর ১২তম আসরের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। বাংলাদেশ মনিটর আয়োজিত এই বার্ষিক পুরস্কার দেশের একমাত্র এয়ারলাইন স্বীকৃতি কর্মসূচি।

গত ১০ সেপ্টেম্বর রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং শেয়ারট্রিপ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও সাদিয়া হক এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, পুরস্কার কর্মসূচির প্রচার এবং গালা অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে দ্য বাংলাদেশ মনিটরকে সহযোগিতা করবে শেয়ারট্রিপ।

‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬’ অ্যাওয়ার্ডসে বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনগুলোর যাত্রীসেবায় উৎকর্ষতার জন্য ২৭টি ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হবে। নিয়মিত এয়ার ট্রাভেলারদের মতামত জরিপের ভিত্তিতে মূলত বিজয়ী নির্বাচন করা হবে।

গত ২১ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে অন্তত চারবার আকাশপথে ভ্রমণ করেছেন এমন ব্যক্তিরা এই মতামত জরিপে অংশ নেন। নিজেদের ভ্রমণ অভিজ্ঞতার ভিত্তিতে তারা বিভিন্ন এয়ারলাইনের পক্ষে ভোট দেন।

বিভিন্ন সামাজিক ও পেশাজীবী শ্রেণির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের জুরি বোর্ড মতামত জরিপের ফলাফল পর্যালোচনা করে বিজয়ীদের নির্বাচন করবে।

আগামী নভেম্বর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

২০০৭ সালে বাংলাদেশ মনিটর ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ কর্মসূচির প্রবর্তন করে। এরপর থেকে নিয়মিতভাবে এই পুরস্কারের মাধ্যমে এয়ারলাইনগুলোর যাত্রীসেবার উৎকর্ষতাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।