নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণিসম্পদ উপকরণ বিতরণ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগী খামারিদের মাঝে বিভিন্ন প্রাণিসম্পদ উপকরণ বিতরণ করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-১১ (৩১১)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের নদীবিধৌত চরাঞ্চলের জনগোষ্ঠীর একটি বড় অংশ জীবিকা নির্বাহের জন্য কৃষি ও প্রাণিসম্পদের ওপর নির্ভরশীল। তবে এসব এলাকায় উন্নত জাতের প্রাণী, প্রয়োজনীয় উপকরণ, খাদ্য, চিকিৎসা ও প্রযুক্তিগত সহায়তার সীমাবদ্ধতা রয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে এসব সীমাবদ্ধতা দূর করে চরাঞ্চলের মানুষের আয় ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানো সম্ভব।

বক্তারা আরও বলেন, সুফলভোগীদের মাঝে প্রয়োজনীয় প্রাণিসম্পদ উপকরণ বিতরণের পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পশুপালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠী প্রাণিসম্পদ পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে ৪০ জন সুফলভোগী খামারির প্রত্যেককে দুটি করে মোট ৮০টি ছাগী বিতরণ করা হয়। রোগমুক্ত, স্বাস্থ্যবান ও সঠিক ওজনের ছাগী বিতরণ করায় প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্যবান ছাগী পেয়ে সুফলভোগী খামারিরাও আনন্দ প্রকাশ করেন।

বিতরণ করা ছাগীগুলো সরবরাহ করে সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স তুষার এন্টারপ্রাইজ।

অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত সুফলভোগী খামারি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপকরণ বিতরণের মাধ্যমে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত