রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাৎ!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তালুকদার মেটুয়ানী গ্রামের একটি রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় রাস্তা নির্মাণের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে বাস্তবে মাত্র ১৩ হাজার টাকার মতো কাজ হয়েছে। রাস্তা নির্মাণের জন্য কোনো বালু বা নতুন মাটি আনা হয়নি। বরং সড়কের সামান্য মাটি ও আগাছা কেটে সমান করে কাজ শেষ দেখানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, টি-আর প্রকল্পের আওতায় ওয়ার্ডের একটি মাটির রাস্তা নির্মাণের জন্য সরকারি বাজেট বরাদ্দ হয়। কাজের দায়িত্বে প্রকল্প সভাপতি ছিলেন স্থানীয় ইউপি সদস্য এরশাদ আলম।

তবে কাজের গুণগত মান ও পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী। তাদের অভিযোগ, বরাদ্দ করা অর্থের সঠিক ব্যবহার হয়নি। প্রকল্পের নামে লোক দেখানো কাজ করে অধিকাংশ টাকা আত্মসাৎ করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বলেন, এই প্রকল্পের আওতায় রাস্তা ভালো হবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু বাস্তবে তেমন কোনো কাজ হয়নি। রাস্তার শুরুতে আগের মাটি সামান্য টেনে সমান করা হয়েছে। নতুন কোনো বালু বা মাটি দেওয়া হয়নি। এতে তারা ভোগান্তিতে রয়েছেন।

ধুকুরিয়া বেড়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. ফজলুল হক মন্ডল বলেন, তারা দেখেছেন, রাস্তার জন্য কোনো বালু বা নতুন মাটি আনা হয়নি। শুধু রাস্তার মাটি কেটে হালকা সমান করে দেওয়া হয়েছে। তার অভিযোগ, এতে বরাদ্দের টাকা আত্মসাৎ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি এরশাদ আলম মুঠোফোনে বলেন, বেলকুচি উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি হাজী রইচ উদ্দিন সরদার এমপির ডিও লেটারে দুই লাখ টাকার মাটির কাজ নেন। তিনি ইউপি সদস্য হিসেবে প্রকল্পের সভাপতি। কাজ শুরু করার পরই বন্যা চলে আসায় কাজ শেষ করা সম্ভব হয়নি। বাকি কাজ করা হবে।

বেলকুচি উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যাশী হাজী রইচ উদ্দিন সরদার বলেন, এমপি দুই লাখ টাকার মাটির রাস্তার কাজ দিয়েছিলেন। দুই কিস্তিতে টাকা তুলে কাজ শেষ করেছেন।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, তালুকদার মেটুয়ানী গ্রামের একটি রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।