সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ

সাউথইস্ট ইউনিভার্সিটির আইইইই (IEEE) স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাবিষয়ক জাতীয় আয়োজন ‘রিঅ্যাক্ট ২০২৬’ (REACT 2026)-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেল ৩টায় সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০ ও ১১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ হাবিব বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রযুক্তিগত উৎকর্ষতার বিকল্প নেই। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল করিম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ‘ক্ষুদে বিজ্ঞানী’ হিসেবে অভিহিত করে দেশের প্রযুক্তিগত উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য উৎসাহিত করেন। গুরুত্বপূর্ণ এ প্রতিযোগিতার আয়োজন করায় আইইইই সাউথইস্ট ইউনিভার্সিটি ব্রাঞ্চকে ধন্যবাদ জানান তিনি।

গবেষণা, প্রকৌশল, অটোমেশন, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও গবেষকদের একই মঞ্চে নিয়ে আসার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়। আয়োজকদের আশা, এ অনুষ্ঠানের মাধ্যমে অর্জিত জ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যতে গবেষণাভিত্তিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন স্বাগত বক্তব্য দেন। সবশেষে সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।