১৯ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের দ্বিতীয় লংমার্চ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ করার ঘোষণা দিয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে এই লংমার্চ রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ঐক্যজোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েত হবে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। সেখানে সকাল ৮টা পর্যন্ত এক ঘণ্টার উদ্বোধনী সভা অনুষ্ঠিত হবে। এরপর শুরু হবে লংমার্চ।

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া লংমার্চটি গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুরে যাবে। পথে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলীয় জোটের ছয় দফা দাবি এখন সাত দফায় রূপ নিয়েছে। তার দাবি, দেশে দুর্নীতি প্রতিযোগিতার ভিত্তিতে চলছে এবং দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি আগের সরকারের সময়ের পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছে। এ কারণেই নতুন করে একটি দাবি যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া গণভোটের গণরায় বাস্তবায়ন, তেল সংকট এবং এর সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় সরকার কোনো সমাধান দিতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।