ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে টিএসসির পায়রা চত্বর থেকে কর্মসূচির সূচনা করা হয়।
‘তারেক রহমানের অঙ্গীকার, দেশ থাকবে পরিষ্কার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত রাখা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি টিএসসি ও আশপাশের বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন বলেন, বর্তমান সরকার তাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ক্লিন সিটি, গ্রিন সিটির যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়ন এবং দেশের মানুষকে ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে রক্ষার জন্য অঙ্গীকারাবদ্ধ। সে লক্ষ্যেই এই সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আকিব জাভেদ রাফি, গণসংযোগবিষয়ক সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, সদস্য ইমদাদুল হক, শহীদুল্লাহ হল ছাত্রদলের আহ্বায়ক মোছাদ্দিক আল হক শান্ত, বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরকানুল ইসলাম রুপক, জগন্নাথ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন সরকার, মুহসিন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিফাত ও মেহেদী হাসান শাওন, শহীদুল্লাহ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিফাত, বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য মো. মিরাজ, কাজী বাহা উদ্দিন শান্ত, কাজী জিয়া উদ্দিন রুবেল, রায়হানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।