এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল ইউরোপ মহাদেশের সর্বোচ্চ চূড়া রাশিয়ার মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন। তার মাউন্ট এলব্রুস অভিযান শুরু হবে ১৯ সেপ্টেম্বর, রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের মাধ্যমে। ‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় অভিযাত্রী শাকিলের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শাকিল তার অভিযান সম্পর্কে বলেন, আমার জন্য প্রতিটি অভিযানই চ্যালেঞ্জের। এলব্রুসের উচ্চতা নিয়ে চিন্তিত না হলেও, এর আচরণ নিয়ে সাবধান থাকতে হবে। এটা তো সুপ্ত আগ্নেয়গিরি। সে কারণেই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। তবে এলব্রুস চূড়ায় দেশের পতাকা উড়িয়ে ধরতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন শাকিল। এরপর প্রায় ১৫ দিনের অভিযানে মাউন্ট এলব্রুসের চূড়ায় আরোহণের চেষ্টা করবেন। অভিযানের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের পতাকা ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে তুলে ধরার লক্ষ্য রয়েছে এই অভিযাত্রীর।
মাউন্ট এলব্রুস রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ককেশাস পর্বতমালায় অবস্থিত এই শৃঙ্গের উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার বা ১৮ হাজার ৫১০ ফুট। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। মাউন্ট এলব্রুসকে ইউরেশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি হিসেবেও উল্লেখ করা হয়। পর্বতটি ককেশাস পর্বতমালার সর্বোচ্চ চূড়া।
এই অভিযান যৌথভাবে আয়োজন করছে রাশিয়ান হাউজ ইন ঢাকা এবং বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। অভিযানের পৃষ্ঠপোষকতায় রয়েছে টার্কিশ এয়ারলাইনস ও জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন।