রাইট শেয়ার ইস্যু করতে চায় জিপিএইচ ইস্পাত

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের ব্যবসা ও মুনাফার চিত্রে দুর্বলতা থাকলেও আবারও বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের মাত্র ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেওয়ার পর এবার প্রায় ৯৬৮ কোটি টাকা সংগ্রহে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে তারা। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, তাদের পরিচালনা পর্ষদ প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার ইস্যু করতে চায়। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এ প্রস্তাব বাস্তবায়িত হলে কোম্পানিটি মোট ৯৬৭ কোটি ৭৭ লাখ টাকা নতুন মূলধন সংগ্রহের সুযোগ পাবে।

অথচ ২০২৫-২৬ অর্থবছরে জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে মাত্র ৭ পয়সা। কোম্পানিটির ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫১ টাকা ৮১ পয়সা। এ অবস্থায় এত বড় অঙ্কের মূলধন সংগ্রহের প্রয়োজনীয়তা ও অর্থের ব্যবহার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে।

এর আগের কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২০২৫ সালের ২৭ মে জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে দেয় সংস্থাটি। তখন কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১:৩ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করে প্রায় ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহের আবেদন করেছিল। কমিশন তখন জানিয়েছিল, দাখিল করা দলিলাদি সন্তোষজনক না হওয়ায় সার্বিক দিক বিবেচনায় প্রস্তাবটি বাতিল করা হয়েছে।