আর্থিক খাত সংস্কারসহ একনেকে উঠছে ১৫ প্রকল্প

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ এএম

দেশের আর্থিক খাতের সংস্কার কার্যক্রমের জন্য ১ হাজার ২৭৬ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ (এফএসএসপি-২) নামের প্রকল্পটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় বাংলাদেশ ব্যাংক বাস্তবায়ন করবে। এর মাধ্যমে আর্থিক খাতের স্থিতিশীলতা, সম্পদের অপ্রতুলতা, প্রশাসনিক অদক্ষতা ও দুর্বল প্রযুক্তিগত সক্ষমতাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে খাতকে শক্তিশালী করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

আগামী ১৬ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন ১০টি ও সংশোধিত পাঁচটি মোট ১৫টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ প্রকল্পটি রয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান এতে সভাপতিত্ব করবেন। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, পাঁচ বছর মেয়াদি ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ১ হাজার ২৬১ কোটি ৫৪ লাখ টাকা বৈদেশিক অর্থায়ন হিসেবে পাওয়া যাবে। এ অর্থ দেবে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)। বাকি ১৪ কোটি ৭৬ লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়ন। প্রকল্পটিতে সরকারের সরাসরি অর্থায়ন বা জিওবি বরাদ্দ রাখা হয়নি।

প্রকল্প সূত্রে জানা গেছে, এ প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো এর প্রায় পুরো অর্থই ব্যয় হবে প্রশিক্ষণ, পরামর্শক নিয়োগ, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, সফটওয়্যার ও ডেটাবেইস তৈরির মতো খাতে। ব্যয় বিভাজন অনুযায়ী, প্রশিক্ষণ, ব্যক্তি ও প্রতিষ্ঠানভিত্তিক পরামর্শক, আইসিটি সরঞ্জাম, কম্পিউটার সফটওয়্যার এবং ডেটাবেইসসহ ছয়টি খাতে ব্যয় হবে প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকা, যা মোট প্রকল্প ব্যয়ের প্রায় ৯৭ শতাংশ।

একনেকের সূচিতে অনুমোদনের জন্য থাকা বাকি প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ প্রকল্প, রাজশাহী সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কগুলো যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প এবং চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কগুলো যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (তৃতীয় পর্যায়) প্রকল্প; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরিশাল সেনানিবাস স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এবং খুলনা নৌ-অঞ্চলে নৌ-সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ প্রকল্প; স্থানীয় সরকার বিভাগের খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প; রেলপথ মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়ন প্রকল্প এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বস্ত্র ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্প; বিদ্যুৎ বিভাগের মনপুরা দ্বীপাঞ্চল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন ও সম্প্রসারণ (প্রথম সংশোধিত) প্রকল্প; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘এমএনসিএইচ (মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য) সেবার উন্নয়ন এবং এনসিডি (অসংক্রামক রোগ) নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্প এবং ‘বাংলাদেশে যক্ষ্মা, এইচআইভি-এইডস এবং ম্যালেরিয়া প্রতিরোধে সমন্বিত স্বাস্থ্যব্যবস্থার কার্যক্রম’ প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী এবং বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১) প্রকল্প এবং ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা এবং দুইটি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প।

এ ছাড়া পরিকল্পনা মন্ত্রী কর্তৃক অনুমোদিত ১৫টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হবে। প্রকল্পগুলো হলোভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প; বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প; ভাসানচরে সবুজ বেষ্টনী তৈরি এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত এলাকায় বনায়ন সংস্কার (প্রথম সংশোধিত)’ প্রকল্প; দেশি মুরগি গবেষণা, সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প; অর্থনৈতিক অঞ্চলগুলোয় টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (প্রথম পর্যায়) (প্রথম সংশোধিত) প্রকল্প; জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন (রংপুর জোন) (প্রথম সংশোধিত) প্রকল্প; পঞ্চম তলা থেকে দশম তলা পর্যন্ত আরডিএ ভবন নির্মাণ প্রকল্প; জালালাবাদ সেনানিবাসে এসআইঅ্যান্ডটির সক্ষমতা বৃদ্ধির জন্য কোয়ার্টার গার্ড ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্প; বন্যা পূর্বাভাস সক্ষমতা বৃদ্ধির জন্য সিলেট বিভাগের ডিজিটাল এলিভেশন (৩ডি) মডেল প্রস্তুতকরণ প্রকল্প; সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অবকাঠামো উন্নয়ন প্রকল্প; খুলনায় মিলিটারি কলেজিয়েট স্কুলের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্প; সহনশীলতা, অন্তর্ভুক্তি ও সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণে সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প; বরগুনা জেলা স্টেডিয়ামের উন্নয়ন এবং ডরমিটরি ভবন নির্মাণ প্রকল্প; দিনাজপুর জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন এবং ইনডোর স্টেডিয়াম নির্মাণ প্রকল্প এবং সিলেট-১০নং কূপ (অনুসন্ধান কূপ) খনন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প।

সর্বশেষ সর্বাধিক পঠিত