গজারিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রী রিনা বেগমকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মো. সুমন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গতকাল রবিবার ভোরে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে সুমন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকার মো. সুমন সরকারের বসতঘরে তার স্ত্রী রিনা বেগমের মরদেহ পড়ে থাকার খবর পায় গজারিয়া থানা পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। নিহত রিনা বেগম উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মো. ইব্রাহিমের কন্যা। প্রায় ১৭ বছর আগে সুমন সরকারের সঙ্গে তার বিবাহ হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সুমন পেশায় রঙ মিস্ত্রি। পুলিশ জানায়, গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে সুমন বাড়িতে এসে স্ত্রীকে খাবার দিতে বলেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাত আনুমানিক ১টার দিকে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা সুমন স্বীকার করেছেন। স্ত্রীকে হত্যার পর সুমন পালিয়ে কুমিল্লার দিকে চলে যান।

এরপর তিনি কুমিল্লার বুড়িচং, চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও মেঘনা এলাকায় অবস্থান করেন। পরে ঢাকার দিকে রওনা হলে গজারিয়া থানা পুলিশের একটি দল টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের ভাই সাফায়েত হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় মামলা করেন। গ্রেপ্তার মো. সুমন সরকার গজারিয়া থানার চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকার বাছেদ সরকারের ছেলে।