প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। আগের সূচি অনুযায়ী সফরটি পিছিয়ে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম গতকাল রবিবার দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে আগামী ১৭ সেপ্টেম্বরের সফরটি স্থগিত করা হয়েছে। নতুন নির্ধারিত তারিখে (১ অক্টোবর) প্রধানমন্ত্রী ফেনী আসবেন।
এর আগে প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে দ্রুতগতিতে প্রস্তুতি চলছিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে তৈরি করা হচ্ছিল পথসভাস্থল। ইতিমধ্যে মাটি ফেলে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের জায়গা উঁচু করা হয়।
প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচল নির্বিঘ্ন করতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে মেরামত, রঙ ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছিল তড়িঘড়ি করে। ১৭ সেপ্টেম্বর ফুলগাজীতে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধনের কথা ছিল।
প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ইতিমধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে। এ ছাড়া পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতি চলছে এবং ফেনী-পরশুরাম প্রধান সড়কের সংযোগস্থলে মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ।