আদাবরে খণ্ডিত সেই নারীর দুই পা উদ্ধার মেলেনি পরিচয়

রাজধানীর আদাবর ১০ নম্বর এলাকায় খণ্ডিত সেই নারীর মরদেহের দুই পা উদ্ধার করেছে পুলিশ। এর আগে আদাবর ১০ নম্বরের খাল থেকে ওই নারীর মাথা, দুই হাত এবং শরীরের অংশ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো খণ্ডিত মরদেহ উদ্ধার করা নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে বয়স কম থাকায় জাতীয় পরিচয়ের ফিঙ্গারের আওতায় আসেনি।

গতকাল রবিবার দুপুরে কালো ব্যাগে না থাকা খণ্ডিত দুই পা ১০ নম্বরের খালে পরে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টায় আদাবর ১০ নম্বর বালুর মাঠসংলগ্ন খালপাড়ে দীর্ঘ সময় ধরে কালো রঙের একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে। তবে উদ্ধার ব্যাগে নিহত নারীর দুই পা পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আদাবর বালুর মাঠসংলগ্ন খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি কালো রঙের ব্যাগ পড়ে ছিল। এ সময় কৌতূহলবশত স্থানীয়রা ব্যাগটি টান দিলে প্রথমে একটি হাত এবং পরে মাথা গড়িয়ে পড়ে। পরে খালে তল্লাশি চালিয়ে মরদেহের আরও দুটি অংশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, আঙুলের ছাপ নিয়েও তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তার বয়স কম থাকায় জাতীয় পরিচয়পত্রের আওতায় আসেনি। বিকল্প পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহারে তার পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআইর চেষ্টা অব্যাহত রয়েছে। রবিবার আমরা খবর পেয়ে আদাবর ১০ নম্বরের খালে তল্লাশি চালিয়ে ব্যাগ বাঁধা অবস্থায় মরদেহের আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার অজ্ঞাত এক নারীর মাথা, হাত ও শরীরের অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আদাবর থানায় কোনো নারী নিখোঁজ হয়েছেন এমন সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনাও ঘটেনি। আমরা খুব শিগগিরই এমন ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।