৮ বছরের শিশু ধর্ষণ

ধর্ষকের আমৃত্যু কারাদন্ড

চট্টগ্রামে আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় মো. মজিবর মৃধা নামের এক আসামিকে আমৃত্যু কারাদ- ও ৫০ হাজার টাকা অর্থদ- দিয়েছে  ট্রাইব্যুনাল। গতকাল রবিবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। দ-িত মো. মজিবর মৃধা (৬১) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ।

আদালত সূত্রে জানা গেছে, রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে আট বছরের মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান মা। এ সময় বাসায় শিশুটি একা ছিল। এ সুযোগে আসামি প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা করানো হয়। পরে শিশুটির মা বাদী হয়ে ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন হালিশহর  থানা পুলিশ। পরে ট্রাইব্যুনালে আসামির বিচার শুরু হয়।