বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন

পর্দা নামল দুই দিনব্যাপী নজরুল নৃত্য উৎসবের

নজরুলের গানে, নৃত্য-ছন্দে বর্ণিল পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামল বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২ দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’-এর। গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

দ্বিতীয় পর্বের শুরুতেই সমবেত নৃত্য ‘রিমঝিম ঘন দেয়া বরষে’ পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। এরপর সমবেত নৃত্য ‘পদ্মার ঢেউরে’ পরিবেশন করে নৃত্যশৈলী, পরিচালনায় ছিলেন নীলাঞ্জনা জুঁই এবং ‘শ্যাম সুন্দর গীরিধারী’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারচট্টগ্রাম, পরিচালনায় প্রমা অবন্তী।

বিশিষ্ট নৃত্যশিল্পী সাজু আহমেদের পরিচালনায় ‘আমি যার নূপুরের ছন্দ’ গানের সঙ্গে কত্থক নৃত্য সম্প্রদায় এবং ত্রিপনার পরিচালনায়, ‘হলুদ গাদার ফুল’ গানের সঙ্গে রিপরিপ শিল্পীগোষ্ঠীরাঙ্গামাটি নৃত্য পরিবেশন করে। কামরুল হাসান ফেরদৌসের পরিচালনায় নৃত্যদল বহর ‘আমরা শক্তি, আমরা বল’ এবং জুয়েইরিয়াহ মৌলি ও এস এম হাসান ইশতিয়াকের পরিচালনায় কাথ্যাকিয়াদ্যা সেন্টার অফ আর্টস ‘কে দুরন্ত বাজায়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।

বগুড়ার নৃত্যদল ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’র মাহবুব হাসান সোহাগের পরিচালনায় পরিবেশন করে সমবেত নৃত্য ‘দূর দ্বীপ বাসিনী’ এবং সুলতানা হায়দারের পরিচালনায় সুকন্যা নৃত্যাঙ্গন পরিবেশন করে সমবেত নৃত্য ‘বাগিচায় বুলবুলি’। এরপর সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যগ্রাম ময়মনসিংহ, পরিচালনায় মানস তালুকদার এবং ছান্দসিক, পরিচালনায় সাইফুল ইসলাম সাকী। মোফাসসল আলিফের পরিচালনায় অ্যালিফিয়া ডান্স এটিলিয়ার এবং আনিসুর রহমান হীরোর পরিচালনায় সৃষ্টি কালচারাল সেন্টার নৃত্য পরিবেশন করে। এরপর নৃত্য পরিবেশন করে নৃত্যদল আকৃতি, পরিচালনায় কচি রহমান এবং রংপুরের নৃত্যদল ঝংকার নৃত্য একাডেমি। নিলুফার আহমেদ পাপড়ির পরিচালনায় নান্দনিক নৃত্য সংগঠন এবং প্রিয়াংকা সাহার পরিচালনায় নৃত্যদল আরাধনা নৃত্য পরিবেশন করে।

‘তোরা সব জয়ধ্বনি কর’ গানের সঙ্গে নাইমুর শাহাদাৎ-এর নৃত্যকল্প এবং ‘জাগো নারী জাগো’ গানের সঙ্গে আনন্দিতা খানের পরিচালনায় নৃত্যদল অংশী সমবেত নৃত্য পরিবেশন করে। দীপা সরকারের পরিচালনায় কল্যাণী নৃত্যাঙ্গন এবং দীপা খন্দকারের পরিচালনায় দিব্য সাংস্কৃতিক সংগঠন নৃত্য পরিবেশন করে। এরপর নৃত্য পরিবেশন করে ঝংকার ললিতকলা একাডেমি, পরিচালনায় ফাতেমা কাশেম; কালারস অফ হিল, পরিচালনায় শুভার্থী চাকমা; পুষ্পাঞ্জলি, পরিচালনায় কস্তুরী মুখার্জি এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, পরিচালনায় শহিদুল ইসলাম বাবু। মারিয়া ফারিহ উপমার পরিচালনায় উপমায়া এবং হেনা হোসেনের পরিচালনায় আভিনায়া নৃত্য পরিবেশন করেন। সবশেষে ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার, পরিচালনায় ছিলেন সৈয়দা সায়লা আহমেদ লিমা।

একের পর এক পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের বৈচিত্র্যময় সৃষ্টিকে মঞ্চে উপস্থাপন করা হয়। নজরুলের গান ও কবিতায় যে বিদ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও সৌন্দর্যের বহুমাত্রিক প্রকাশ ঘটেছে, নৃত্যশিল্পীরা তাদের শৈল্পিক পরিবেশনার মধ্য দিয়ে সেই চেতনাকেই দর্শকের সামনে তুলে ধরেন। এই আয়োজনের মধ্য দিয়ে নজরুলের বহুমাত্রিক সৃষ্টিজগতের সঙ্গে নৃত্যের সৃজনশীল সংলাপ নির্মিত হয়।