গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেকেরহাটে বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা হোটেলের বিরুদ্ধে অতিরিক্ত মূল্য নেওয়া, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডসহ স্থানীয়দের ওপর হামলার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট উত্তরপাড় পঞ্চপল্লী স্কুলসংলগ্ন এলাকায় রাঘদী ইউনিয়নের ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল গেট হোটেলে খাবারের স্বাভাবিক মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দাম নেওয়া হচ্ছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়রা হয়রানির শিকার হচ্ছে। একই সঙ্গে হোটেলটিকে ঘিরে মাদক কারবার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।
বক্তারা আরও বলেন, শুক্রবার খাবারের বিল নিয়ে বিরোধের জেরে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ শেখ, স্থানীয় মুরব্বি মিজানু শেখ, মোহাম্মদ শেখ, আজাদ মোল্লা, রাকিব মোল্লা, মো. এজাবুল মোল্লা ও মো. মনোয়ার হোসেন শেখ।
পলাশ শেখ বলেন, ওই হোটেল ঘিরে দীর্ঘদিন ধরে অতিরিক্ত দাম নেওয়া, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয়দের ওপর হামলার অভিযোগও উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। প্রয়োজন হলে হোটেল বন্ধের দাবিতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
মিজানুর শেখ বলেন, খাবারের দাম নিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। শুক্রবার বিল নিয়ে বিরোধের জেরে স্থানীয়দের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে অভিযোগগুলো তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করে। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা বরিশাল গেট হোটেলটি বন্ধসহ অভিযোগগুলোর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।